
কক্সবাজার, ১৩ জুন : আগামী বাজেটে মদ ও সিগারেটের ওপর কর বাড়ানোর সিদ্ধান্তে বিরোধী দলের অসন্তোষের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের স্বার্থে নেওয়া সিদ্ধান্ত থেকে সরকার সরে আসবে না।
শনিবার (১৩ জুন) কক্সবাজার সদর উপজেলার পিএমখালীর পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সদর বিএনপির আহ্বায়ক সুবেদার মেজর আবদুল মাবুদের সভাপতিত্বে এবং সদস্য সচিব সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন জিকুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধানমন্ত্রী বলেন, বিরোধী দলের অযৌক্তিক বিরোধিতায় সরকার কান দিচ্ছে না। সাধারণ মানুষের স্বার্থরক্ষা, প্রত্যন্ত অঞ্চলের জমিকে আবাদযোগ্য করে খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং দেশকে স্বাবলম্বী করা সরকারের প্রধান লক্ষ্য।
তিনি বলেন, বিএনপি সাধারণ মানুষের দল এবং জনগণের উন্নয়নে কাজ করতে বিশ্বাসী। দেশের অগ্রগতি নিশ্চিত করতে কৃষক ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে তিনি জানান, দরিদ্র কৃষকদের চাষাবাদ অব্যাহত রাখতে কৃষক কার্ডের মাধ্যমে কৃষি সহায়তা নিশ্চিত করা হবে।
দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “সরকারের ওপর আস্থা রাখুন।”
সভায় কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেন, বাঁকখালী নদীর ভাঙনে নদীর দুই তীরের মানুষ দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি নদীর দুই তীরে টেকসই বাঁধ নির্মাণের জন্য পানিসম্পদ মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রীর প্রতি।
এমপি কাজল আরও বলেন, জেলার অনেক মানুষ জলবায়ু পরিবর্তনের কারণে উদ্বাস্তু ও ভূমিহীন হয়ে পড়েছেন। অনেকে পাহাড় বা পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছেন। তাদের উচ্ছেদের আগে পুনর্বাসন অথবা খাসজমি বন্দোবস্ত দেওয়ার দাবি জানান তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পানিসম্পদমন্ত্রী শহিদউদ্দিন চৌধুরী এ্যানি, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এবং স্থানীয় বিএনপির নেতারা।
এর আগে সকাল ১১টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর পিতার স্মৃতিবিজড়িত পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন করেন। তিনি নিজ হাতে মাটি কেটে প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ার মধ্যেও প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে কক্সবাজারজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। তাঁকে একনজর দেখতে খালপাড়ে ভিড় করেন বিপুলসংখ্যক মানুষ।