সিলেটের ‘ভোরের আলো’ সংগঠনের ৮১ সদস্যের বিএনপিতে যোগদান

সিলেটের সামাজিক সংগঠন ‘ভোরের আলো’-এর সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ৮১ জন সদস্য আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনে যোগ দিয়েছেন।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে সিলেটের টুকেরবাজারে বিএনপি নেতা ও সিলেট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আলতাফ হোসেন সুমনের অফিসে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানের মাধ্যমে তারা বিএনপিতে যোগ দেন।
অনুষ্ঠানে উপস্থিত থেকে আলতাফ হোসেন সুমনের হাত ধরে ভোরের আলোর সদস্যরা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্যপদ গ্রহণ করেন।
বক্তব্যে আলতাফ হোসেন সুমন বলেন,
“আপনারা যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিএনপিতে যোগ দিয়েছেন — আপনারা শুধু একটি রাজনৈতিক দলে যোগ দেননি, বরং গণতন্ত্রের মুক্তির আন্দোলনে নতুন দিগন্তের সূচনা করেছেন।”
তিনি আরও বলেন,
“আপনাদের এই সিদ্ধান্ত প্রমাণ করে, দেশের মানুষ এখন স্বাধীন ভোটাধিকার ও গণতন্ত্রের পুনরুদ্ধার চায়। আর সেই মুক্তির একমাত্র কাণ্ডারি হলো বিএনপি।”
স্থানীয় রাজনৈতিক মহলে এই যোগদানকে সিলেট অঞ্চলে বিএনপির সংগঠনগত শক্তি বৃদ্ধির একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।