কক্সবাজার-৪ আসনের বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরীকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি

কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি দেওয়া হয়েছে। সরে না দাঁড়ালে শরীফ ওসমান হাদির পরিণতি ভোগ করতে হবে—এমন বার্তা দেওয়া হয়েছে হুমকিপত্রে।
জানা গেছে, গত ২৩ ডিসেম্বর অজ্ঞাত পরিচয়ে পোস্ট অফিসের মাধ্যমে শাহজাহান চৌধুরীর কাছে একটি চিঠি পাঠানো হয়। চিঠিতে ‘ব্যাটালিয়ন ৭১’ নামে একটি গোষ্ঠীর উল্লেখ থাকলেও তাদের পরিচয় সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। চিঠির সঙ্গে একটি সাদা কাফনের কাপড়ও পাঠানো হয়।
চিঠিতে লেখা হয়, ‘আসসালামু আলাইকুম। আশা করি নির্বাচন নিয়ে ব্যস্ত আছেন। আপনার নিকট অনুরোধ রইল, আপনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত থাকুন। অন্যথায় আপনার পরিণতি শরীফ ওসমান হাদির মতো হবে। আশা করি বুঝতে পেরেছেন। আপনি ২৪ ঘণ্টা আমাদের কিলিং স্কোয়াডের নজরদারিতে আছেন। আপনার জন্য একটি কাফনের কাপড় উপহার হিসেবে পাঠালাম।’
এ বিষয়ে শাহজাহান চৌধুরী বলেন, পোস্ট অফিসের মাধ্যমে চিঠিটি পাঠানো হয়েছে। আমাদের এলাকায় কিছু সন্ত্রাসী গোষ্ঠী রয়েছে, তারা এমন কাজ করতে পারে। তবে আমরা বিষয়টি নিয়ে সতর্ক রয়েছি।