সিলেট থেকে নির্বাচনি প্রচারণা শুরু করবেন তারেক রহমান, ২২ জানুয়ারি আগমন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা সিলেট থেকে শুরু করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২২ জানুয়ারি তিনি সিলেট সফরে এসে প্রথমে দুই ওলি হজরত শাহজালাল (রহ.) ও শাহপরাণ (রহ.)–এর মাজার জিয়ারত করবেন। এরপর সুনামগঞ্জে জনসভার মাধ্যমে আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারণা শুরু করবেন বলে বিএনপির সূত্র জানিয়েছে।
বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর ঢাকার বাইরে এটি তারেক রহমানের প্রথম সফর। দীর্ঘ ১৯ বছর পর তিনি সিলেট আসছেন।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, বিএনপির প্রথা অনুযায়ী মাজার জিয়ারত শেষে তারেক রহমান সরাসরি সুনামগঞ্জে যাবেন। সেখানে কর্মসূচি শেষে বিকেলে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। তিনি বলেন, অতীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও ওলি আওলিয়ার মাজার জিয়ারতের মাধ্যমে প্রচারণা শুরু করতেন—সেই ধারাই অব্যাহত থাকছে।
এদিকে সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সুনামগঞ্জ-৫ আসনের প্রার্থী কলিম উদ্দিন আহমদ মিলন জানান, তারেক রহমান সুনামগঞ্জে একটি জনসভা এবং ফেরার পথে তিনটি পথসভায় বক্তব্য দেবেন। সুনামগঞ্জ শহরের বালুর মাঠে অনুষ্ঠিত হবে প্রথম নির্বাচনি জনসভা।
সুনামগঞ্জ থেকে সিলেটে ফেরার পথে শান্তিগঞ্জ উপজেলা সদর, ছাতকের গোবিন্দগঞ্জ পয়েন্ট এবং বিশ্বনাথের লামাকাজী পয়েন্টে পথসভায় বক্তব্য রাখবেন তিনি। পরে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠের জনসভায় যোগ দেবেন। সিলেট থেকে ঢাকায় ফেরার পথে হবিগঞ্জে একটি জনসভায় অংশ নেওয়ার কথাও রয়েছে।