পিঠের চামড়া তুলে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে : রাশেদ খাঁন

গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ উপজেলা ও সদর উপজেলার চার ইউনিয়ন) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী রাশেদ খাঁন বলেছেন, তিনি হুমকি ও ভয়ভীতির মুখে পড়লেও কোনো ষড়যন্ত্রে জড়াতে চান না। সবাইকে সঙ্গে নিয়ে এ অঞ্চলের মানুষের উন্নয়নে কাজ করতে চান।
মঙ্গলবার কালীগঞ্জ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, তিনি ঝিনাইদহের সন্তান এবং সদর উপজেলায় তাঁর জন্ম। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে তাঁর রাজনীতিতে প্রবেশ। ওই আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে তিনি আটক হন এবং ১৮ দিন রিমান্ডে নির্যাতনের শিকার হন। তবে তখন মাথা নত করেননি এবং আন্দোলনে সফলতা আসে। পরবর্তীতে এই আন্দোলন সরকার পতনের আন্দোলনে রূপ নেয় বলেও তিনি দাবি করেন।
তিনি বলেন, তারেক রহমানের সঙ্গে আলোচনা করে তাঁর নেতৃত্বে রাষ্ট্র সংস্কারের আন্দোলনে যুক্ত হন। তারেক রহমান তাঁকে মূল্যায়ন করে ঝিনাইদহ-৪ আসনে বিএনপির মনোনয়ন দিয়েছেন। এ সময় তিনি দলের নেতাকর্মীদের সব মান-অভিমান ভুলে এক হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান।
রাশেদ খাঁন বলেন, খালেদা জিয়ার প্রয়াণে দলের মধ্যে শোক ও কষ্ট রয়েছে। এখন তারেক রহমান দলের হাল ধরেছেন। যারা দলের আদর্শে বিশ্বাস করেন, তারা সবাই একসঙ্গে দলকে বিজয়ী করতে কাজ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র ও হুমকি দেওয়া হচ্ছে, এমনকি পিঠের চামড়া তুলে দেওয়ার হুমকিও এসেছে। তবে তিনি কোনো অভিযোগ বা প্রতিশোধের পথে যেতে চান না। সবাইকে বুকে জড়িয়ে নিয়ে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে চান। কেউ বিএনপি বা অন্য কোনো দল করার কারণে হয়রানির শিকার হবে না বলেও তিনি উল্লেখ করেন।
চাঁদাবাজি, জুলুম ও নিপীড়নের রাজনীতি বন্ধ করার অঙ্গীকার করে তিনি বলেন, অফিস-আদালতে দুর্নীতি বন্ধ করা হবে। সরকারি সেবা পেতে অতিরিক্ত অর্থ বা বিশেষ সুপারিশের প্রয়োজন হবে না। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঝিনাইদহ-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী হামিদুল ইসলাম হামিদ, তবিবুর রহমান মিনি, শামসুল ইসলাম, লুতফর রহমান লেন্টু, মাহবুর রহমান মিলনসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।