‘সিলেটি দামান্দ’ তারেক রহমানকে বরণে উৎসবমুখর সিলেট বিএনপি পরিবার।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বর্ণিল সাজে সেজেছে সিলেট নগরী। নগরজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। পূর্বনির্ধারিত কর্মসূচির একদিন আগে আজ বুধবার (২১ জানুয়ারি) তিনি সিলেটে আসছেন। ঢাকা থেকে স্ত্রী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে রাত সোয়া ৮টার দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।
আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) চৌহাট্টা সংলগ্ন ঐতিহাসিক সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিতব্য জনসভাকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আশপাশের এলাকা ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে। প্রধান সড়ক ও সড়কদ্বীপে টাঙানো হয়েছে দলীয় প্রার্থীদের রঙিন ব্যানার। মাঠে নির্মাণ করা হয়েছে বিশাল মঞ্চ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে ছয় স্তরের নিরাপত্তা ব্যবস্থা।
সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, নির্বাচনি আচরণবিধি মেনে জনসভার মঞ্চ প্রস্তুত করা হয়েছে। দলীয় চেয়ারম্যানের সফরকে কেন্দ্র করে সিলেট বিএনপির নেতাকর্মীরা উজ্জীবিত। বিভাগীয় সমাবেশের মতো জনসভাস্থল আগের দিন রাতেই পূর্ণ হয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সিলেট-৪ আসনের বিএনপির প্রার্থী ও সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, আলিয়া মাঠের জনসভা হবে ঐতিহাসিক। বেগম খালেদা জিয়ার পর তারেক রহমান এই মাঠে প্রথমবারের মতো নির্বাচনি ভাষণ দেবেন। তাকে একনজর দেখার জন্য মাঠ ও আশপাশের এলাকায় জনতার ঢল নামবে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এটি বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি হওয়ায় নগর এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। দক্ষিণ সুরমার সিলাম এলাকাসহ সব গুরুত্বপূর্ণ স্থানে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর ঢাকার বাইরে এটিই তারেক রহমানের প্রথম সফর। প্রায় ২০ বছর পর তিনি সিলেট বিভাগে আসছেন। আলিয়া মাঠের জনসভায় সিলেট ও সুনামগঞ্জ জেলার মোট ১১ জন বিএনপি প্রার্থীকে পরিচয় করিয়ে দিয়ে তাদের হাতে দলীয় প্রতীক ‘ধানের শীষ’ তুলে দেওয়ার কথা রয়েছে।
সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী জানান, বুধবার রাতে সিলেটে পৌঁছে তারেক রহমান হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর তিনি দক্ষিণ সুরমার সিলামের বিরাইমপুর গ্রামে শ্বশুরবাড়িতে যাবেন। রাতে তিনি বিমানবন্দরসংলগ্ন একটি অভিজাত হোটেলে অবস্থান করবেন। বৃহস্পতিবার সকালে হোটেলে তরুণদের সঙ্গে একটি ঘরোয়া বৈঠক শেষে সরাসরি জনসভায় যোগ দেবেন।
সিলেট-৬ আসনের বিএনপি প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, তারেক রহমানের আগমনকে ঘিরে পুরো সিলেট বিভাগে উৎসবের আমেজ বিরাজ করছে। নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে।
শ্বশুরবাড়িতে উৎসবের আমেজ
তারেক রহমানের শ্বশুরবাড়ি দক্ষিণ সুরমার সিলামের বিরাইমপুর গ্রামে। প্রায় ২১ বছর পর তিনি সেখানে যাচ্ছেন। এ উপলক্ষে শ্বশুরালয়ে চলছে বর্ণাঢ্য আয়োজন। বাড়ি ও আশপাশ সাজানো হয়েছে মেয়ের জামাইকে বরণের প্রস্তুতিতে। অতিথিদের ভিড় বাড়তে শুরু করেছে। সিলাম এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল ইবেন রাজা বলেন, তারেক রহমান আমাদের দলের নেতা হওয়ার পাশাপাশি সিলেটের মেয়ের জামাই। তার আগমনে পুরো এলাকা উৎসবমুখর। বাড়ির সামনে তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের ছবি সংবলিত তোরণ স্থাপন করা হয়েছে। বাড়ির প্রবেশদ্বার ও আশপাশে দেওয়া হয়েছে রঙের ছোঁয়া—সব আয়োজনই মেয়ের জামাইকে বরণ করে নেওয়ার জন্য।