আমরা পদত্যাগ না করায় ৩টি মন্ত্রণালয় রক্ষা পেয়েছেঃ তারেক রহমানকে জামায়াত আমির।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রশ্নের প্রতিক্রিয়ায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, চারদলীয় জোট সরকারের সময় সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ ইচ্ছাকৃতভাবেই পদত্যাগ করেননি, যাতে অন্তত তিনটি মন্ত্রণালয় দুর্নীতির হাত থেকে রক্ষা পায়।
তিনি বলেন, ওই দুই নেতা যে মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, সে সময় কোনো শক্তিশালী সমালোচক বা রাজনৈতিক প্রতিপক্ষও তাদের বিরুদ্ধে দুর্নীতি কিংবা স্বজনপ্রীতির অভিযোগ তুলতে পারেনি। এটি সরকারের ভেতর থেকেই স্বচ্ছতা বজায় রাখার একটি সচেতন প্রচেষ্টা ছিল।
ডা. শফিকুর রহমান বলেন, ১১ দলীয় নির্বাচনী ঐক্য ক্ষমতায় এলে দেশের পরিস্থিতিতে দ্রুত পরিবর্তন আসবে। চাঁদাবাজির বিষয়ে কঠোর অবস্থান নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, যারা প্রাথমিকভাবে এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করবে না, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে ব্যক্তিগত পরিচয়, সম্পর্ক বা পারিবারিক বিষয় কোনো বিবেচনায় আসবে না।
সমাবেশে তিনি জনগণ ও সরকারের প্রতি আহ্বান জানান, দুর্নীতি ও বিশৃঙ্খল আচরণ রোধে কঠোর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে রাষ্ট্র ও রাজনীতির প্রতি জনগণের আস্থা পুনরুদ্ধার করতে হবে।