বিএনপিতে কোনো প্রকার দলীয় শৃঙ্খলা নেই, মারামারি-হানাহানি ও বিচার-শালিস নিয়ে অতিষ্ঠ হয়ে জামায়তে যোগ দিলেন ৬ বিএনপি নেতা।

জামালপুরের ইসলামপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান সোহেলের নেতৃত্বে ছয়জন নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
শুক্রবার (১০ এপ্রিল) বিকেল ৩টায় উপজেলা জামায়াতের কার্যালয়ে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে তাদের বরণ করে নেন ডা. সামিউল হক ফারুকী এবং উপজেলা আমির রাশেদুল ইসলাম।
নবযোগদানকারী জিয়াউর রহমান সোহেল বলেন, মহান আল্লাহর প্রতি বিশ্বাস ও পরকালের জবাবদিহিতার ভাবনা থেকেই তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। বিএনপিতে দায়িত্ব পালনকালে বিভিন্ন সময় তাকে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, দলীয় শৃঙ্খলার অভাব, নেতাকর্মীদের মধ্যে অনৈক্য এবং সভা-সমাবেশে অপমানজনক আচরণের কারণে তিনি বিরক্ত হয়ে পড়েন। এসব কারণেই দল পরিবর্তনের সিদ্ধান্ত নেন।
আরেক যোগদানকারী নেতা লাভলু অভিযোগ করেন, দলীয় কর্মসূচিতে সক্রিয় থাকার পরও তাকে নানা অভিযোগ ও অপমানের মুখে পড়তে হয়েছে। যথাযথ মূল্যায়ন না পাওয়া এবং বারবার তুচ্ছ-তাচ্ছিল্যের শিকার হওয়ায় তিনি অনুসারীদের নিয়ে জামায়াতে যোগ দিয়েছেন বলে জানান।
এ বিষয়ে ইসলামপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী বলেন, যে কেউ দল পরিবর্তন করার অধিকার রাখে। তারা কোন কারণে বিএনপি ছেড়ে অন্য দলে গেছেন, সে বিষয়ে তার কোনো মন্তব্য নেই।