
কক্সবাজারের চকরিয়ায় পারিবারিক কলহের জেরে ইব্রাহিম খলিল (৭০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলে মো. মিনারের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মিনারকে গ্রেফতার করেছে পুলিশ।
নিহতের বড় ছেলে ছাদেক মিয়া বাদী হয়ে চকরিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর ঘটনার বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
জানা গেছে, চকরিয়া পৌরসভার নিজপানখালী মৌলভীর কুম বাজার এলাকার বাসিন্দা ও স্থানীয় ব্যবসায়ী ইব্রাহিম খলিলকে ছোট ছেলে মিনার প্রায়ই প্রাণনাশের হুমকি দিতেন। শুক্রবার দুপুর ২টার দিকে জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পর পারিবারিক বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে মিনার ধারালো দা দিয়ে তার বাবাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন। হামলায় গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই মারা যান ইব্রাহিম খলিল।
পরিবারের সদস্যদের দাবি, ঘটনার পর মিনার লাশ গুমের উদ্দেশ্যে মরদেহ টেনে সেপটিক ট্যাংকের দিকে নেওয়ার চেষ্টা করেন। এ সময় নিহতের স্ত্রী মুর্শিদা বেগম ও মেয়ে সেলিনা বেগম চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসে। পরে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা মিনারকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।