প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিটে ছাড়, লাউঞ্জ সুবিধা ও ভূমি সেবায় অগ্রাধিকার

ঢাকা, ২১ জুলাই: প্রবাসীদের জন্য চালু হতে যাওয়া প্রবাসী কার্ডে বিমান টিকিটে বিশেষ ছাড়, বলাকা লাউঞ্জ ব্যবহারে ডিসকাউন্ট, প্রাধান্যভিত্তিক চেক-ইন ও বোর্ডিং সুবিধার পাশাপাশি নামজারি, মিউটেশনসহ বিভিন্ন ভূমি সেবা দ্রুত পাওয়ার সুযোগ অন্তর্ভুক্ত করা হচ্ছে।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রবাসী কার্ড বিতরণে বিমানবন্দর-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের করণীয় বিষয়ে এক অবহিতকরণ সভায় এসব তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। এতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক উপস্থিত ছিলেন।
প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বর্তমান সরকার প্রবাসীবান্ধব। মুখে প্রবাসীদের ‘রেমিট্যান্স যোদ্ধা’ বলা হলেও বাস্তবে তাদের অবদানের যথাযথ মূল্যায়ন সবসময় হয়নি। প্রবাসী কার্ড চালুর মাধ্যমে তাদের কাজের মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে। তিনি উদ্যোগটি বাস্তবায়নে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতা কামনা করেন।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেন, প্রবাসীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট ও বলাকা লাউঞ্জ ব্যবহারে বিশেষ ছাড় দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার অংশ হিসেবে শাটল বাস চালু করা হয়েছে। প্রবাসীদের জন্য হয়রানিমুক্ত বিমানসেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।
প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেল-মোটেলেও প্রবাসীদের জন্য বিশেষ ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। এছাড়া প্রবাসী কার্ডধারীদের জন্য প্রাধান্যভিত্তিক চেক-ইন ও বোর্ডিং সুবিধা চালুর উদ্যোগ নেওয়া হবে।
এদিকে একই দিনে ভূমি মন্ত্রণালয়ে অনুষ্ঠিত পৃথক এক সভায় প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমি অফিসে অগ্রাধিকারভিত্তিক সেবা চালু, প্রবাসী ডেবিট কার্ডের মাধ্যমে ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধ, নামজারি, মিউটেশন ও অন্যান্য ভূমি সেবা দ্রুত সম্পন্ন, ভূমি অফিসে প্রবাসী কর্নার বা সহায়তা ডেস্ক স্থাপন এবং পাওয়ার অব অ্যাটর্নি দলিল সম্পাদনে অগ্রাধিকার দেওয়ার প্রস্তাব তুলে ধরেন প্রবাসী কল্যাণমন্ত্রী।
ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেন, সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে প্রবাসীদের সামাজিক মর্যাদা নিশ্চিত করা এবং সরকারি সেবা সহজ করতে প্রবাসী কার্ড চালু করা হচ্ছে। এ উদ্যোগ বাস্তবায়নে ভূমি মন্ত্রণালয় সর্বোচ্চ সহযোগিতা করবে।
তিনি জানান, প্রবাসী কার্ডধারীদের জন্য প্রস্তাবিত সব ধরনের ভূমি সেবা অগ্রাধিকারভিত্তিতে নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি এসব সেবার সমন্বয়ের জন্য মন্ত্রণালয়ে একটি ফোকাল পয়েন্ট নির্ধারণের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে প্রবাসীরা দ্রুত ও হয়রানিমুক্তভাবে ভূমি-সংক্রান্ত সেবা গ্রহণ করতে পারেন।
়া