যুক্তরাজ্যের সমুদ্র সৈকতে জোয়ারের পানিতে ভেসে গিয়ে বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও মেয়ের মৃত্যু, সংকটাপন্ন ৭ বছরের স্বজন

যুক্তরাজ্যের এসেক্সের ওয়েস্ট মার্সি (West Mersea) সমুদ্রসৈকতে জোয়ারের পানিতে ভেসে গিয়ে এক মর্মান্তিক দুর্ঘটনায় বাংলাদেশি বংশোদ্ভূত এক নারী ও তাঁর কিশোরী মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারের আরও এক সাত বছর বয়সী শিশু আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নিহতরা হলেন ৪২ বছর বয়সী শালিনা রহমান এবং তাঁর ১৫ বছর বয়সী মেয়ে সামিহা রহমান। শালিনা রহমান বাংলাদেশি রাজনীতিক ও যুক্তরাজ্য যুবদলের নেতা মনসুর রহমানের স্ত্রী। পরিবারটি পূর্ব লন্ডন থেকে গ্রীষ্মকালীন অবকাশ কাটাতে ওয়েস্ট মার্সি সৈকতে গিয়েছিল।
প্রতিবেদন অনুযায়ী, বুধবার বিকেলে সৈকতের কাছে একটি বালুচরে অবস্থানকালে হঠাৎ জোয়ারের পানি দ্রুত বেড়ে গেলে পরিবারের সদস্যরা পানিতে আটকা পড়েন। সাত বছর বয়সী এক স্বজন বিপদে পড়লে তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে শালিনা রহমান ও তাঁর মেয়ে নিজেরাও স্রোতে ভেসে যান।
খবর পেয়ে কোস্টগার্ড, লাইফবোট, পুলিশ, এয়ার অ্যাম্বুলেন্স এবং অন্যান্য জরুরি সেবা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। তবে দীর্ঘ চেষ্টা সত্ত্বেও মা ও মেয়েকে বাঁচানো সম্ভব হয়নি। সাত বছর বয়সী শিশুটি বর্তমানে লন্ডনের একটি হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছে।
এসেক্স পুলিশ জানিয়েছে, ঘটনায় নিহত ব্যক্তিরা পরস্পরের পরিচিত ছিলেন। কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সময় সৈকতে উপস্থিত ছিলেন এমন প্রত্যক্ষদর্শীদের তথ্য দিয়ে তদন্তে সহায়তার আহ্বান জানিয়েছে পুলিশ।
স্থানীয় বাসিন্দারা জানান, ওয়েস্ট মার্সি সৈকত সাধারণত নিরাপদ হিসেবে পরিচিত হলেও জোয়ারের সময় সেখানে পানির স্রোত খুব দ্রুত পরিবর্তিত হয়, যা অনেক সময় প্রাণঘাতী হয়ে উঠতে পারে।