সিলেটের উন্নয়নের কথা এলেই বলা হয় সরকারের কাছে টাকা নেই, অথচ হাজার কোটি টাকা ব্যয় হয় অন্য অঞ্চলেঃ আরিফুল হক।

জনগণকে চোখ-কান খোলা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো চাঁদাবাজ, সন্ত্রাসী বা দখলদারকে প্রশ্রয় দেওয়া যাবে না। সিলেট-ঢাকা মহাসড়ক ও রেলযোগাযোগের বেহাল অবস্থায় ক্ষোভ প্রকাশ করে আরিফুল হক চৌধুরী বলেন, সাইফুর রহমানের সময়ে তিন-চার ঘণ্টায় সিলেট থেকে ঢাকা যাওয়া যেত, এখন লাগে ১২ থেকে ১৫ ঘণ্টা। এমন উন্নয়ন চলতে দেওয়া যায় না। দ্রুত সংস্কার কাজ শুরু না হলে সিলেটবাসীকে নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।
তিনি বলেন, চট্টগ্রাম উন্নত হবে, উত্তরবঙ্গে ব্রিজ হবে—তাতে আপত্তি নেই, কিন্তু সিলেটকে অবহেলা করা হবে—এটা মেনে নেওয়া যাবে না। সিলেটের কথা এলেই বলা হয় সরকারের কাছে টাকা নেই, অথচ হাজার কোটি টাকা ব্যয় হয় অন্য অঞ্চলে।
সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, এখন রাস্তাঘাট এমন অবস্থায় যে অসুস্থ রোগী নিয়ে যাওয়া যায় না, পথে রোগী মারা যায়। রেলের অবস্থাও করুণ। তাই রেল কর্তৃপক্ষ ও যোগাযোগ মন্ত্রণালয়ের প্রতি আহ্বান—রাস্তা সংস্কার না হওয়া পর্যন্ত ঢাকা-সিলেট রুটে দুটি বিশেষ ট্রেন ও নতুন বগি বরাদ্দ দিতে হবে।
বিমানের ভাড়া তিন হাজার থেকে বারো হাজার টাকা হওয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, বিমান কর্তৃপক্ষ ব্যবস্থা না নিলে তাদের বিরুদ্ধেও জনগণ ব্যবস্থা নেবে।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র চলছে, তবে জনগণের শক্তিই হবে দলের ভরসা।
তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, সন্ত্রাসী, দখলদার ও চাঁদাবাজদের থেকে দূরে থাকতে হবে এবং জনগণের পাশে থাকতে হবে।
সমাবেশে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির উপদেষ্টা শুকুর আহমদ, যুগ্ম সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, মহানগর বিএনপির সহসভাপতি সাদিকুর রহমান, কৃষক দলের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান প্রমুখ