শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে কাল থেকেই কর্মবিরতি পালনের ঘোষণা শিক্ষকদের।

রবিবার (১২ অক্টোবর) কেন্দ্রীয় শহীদ মিনারে বক্তব্য রাখেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি। তিনি ঘোষণা দেন, ‘প্রেসক্লাবের সামনে শিক্ষকদের ওপর যে ন্যক্কারজনক হামলা হয়েছে, তার প্রতিবাদে আগামীকাল সোমবার থেকে দেশের সব এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে।’
এর আগে দুপুর পৌনে ২টার দিকে রাজধানীর প্রেসক্লাব এলাকায় অবস্থানরত শিক্ষকদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড, জলকামান ও লাঠিচার্জ করে। এতে শিক্ষকরা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েন। পরে কিছু শিক্ষক পুনরায় প্রেসক্লাব এলাকায় অবস্থান নেন, আরেকদল শহীদ মিনারের দিকে সরে গিয়ে সেখানে অবস্থান কর্মসূচি শুরু করেন।
আন্দোলনরত এক শিক্ষক জানান, “দেশের বিভিন্ন প্রান্ত থেকে আরও শিক্ষক শহীদ মিনারে আসছেন। আমরা এখানেই অবস্থান অব্যাহত রাখব।”
এর আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা প্রজ্ঞাপন ছাড়া শ্রেণিকাজ পরিচালনা না করার ঘোষণা দেন। অর্থ মন্ত্রণালয়ে আলোচনার পর অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি এই সিদ্ধান্তের কথা জানান। তবে অবস্থান কর্মসূচি নিয়ে শিক্ষক নেতাদের মধ্যে বিভক্তি দেখা দেয়।
সূত্র জানায়, শিক্ষক নেতারা প্রেসক্লাব থেকে শহীদ মিনারে অবস্থান স্থানান্তরের আহ্বান জানান, তবে একাংশ এতে আপত্তি জানিয়ে সচিবালয় অভিমুখে লংমার্চের দাবি তোলে। তারা প্রেসক্লাবের সামনেই অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
শিক্ষকরা বলেন, বাড়ি ভাতা ২০ শতাংশ না করা পর্যন্ত তারা আন্দোলন থেকে ফিরবেন না। পূর্বে বহুবার আশ্বাস দেওয়া হলেও বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ তাদের। এবার তারা কেবল প্রজ্ঞাপন জারি হওয়ার পরই কর্মস্থলে ফিরবেন।
অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা আলোচনায় জানিয়েছেন, আগামী ২২ অক্টোবরের মধ্যে বাড়ি ভাতার দাবি বাস্তবায়নের বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। রবিবার (১২ অক্টোবর) বেলা ১১টা ২০ মিনিটে শিক্ষকদের সঙ্গে মন্ত্রণালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকে কোন কর্মকর্তা উপস্থিত ছিলেন, তা নিশ্চিত হওয়া যায়নি।