
এশিয়া সফর শুরু করতে মালয়েশিয়ায় পৌঁছেই নাচে মেতে উঠলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠানের। স্থানীয় শিল্পীদের নৃত্য পরিবেশনার মাঝেই ট্রাম্প নিজের পরিচিত ‘ফিস্ট-পাম্পিং’ ভঙ্গিতে তাল মেলান, যা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়।
রোববার (২৬ অক্টোবর) স্থানীয় সময় বিকেলে এয়ার ফোর্স ওয়ান থেকে নামার পর ট্রাম্পকে ফুল দিয়ে স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এরপর বিমানবন্দরের অভ্যর্থনা মঞ্চে শুরু হয় নাচ-গানের আয়োজন, যেখানে ট্রাম্পের হাস্যোজ্জ্বল উপস্থিতি উচ্ছ্বাস ছড়ায় উপস্থিত অতিথি ও শিল্পীদের মাঝে।
হোয়াইট হাউসের কর্মকর্তারাও ঘটনাটি তুলে ধরেন অনলাইনে। প্রেসিডেন্টের বিশেষ সহকারী মার্গো মার্টিন তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ট্রাম্পের নাচের ভিডিও পোস্ট করেন, যা কয়েক ঘণ্টার মধ্যেই লাখো ভিউ অতিক্রম করে।
মালয়েশিয়া সফরের মধ্য দিয়েই ট্রাম্প শুরু করেছেন এবারের এশিয়া সফর। এই সফরে প্রথম কর্মসূচি হিসেবে তিনি অংশ নেবেন থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে। গত জুলাইয়ে সীমান্তে দুই দেশের সংঘর্ষের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই ‘গ্রেট পিস ডিল’ সম্পন্ন হয় বলে জানিয়েছেন ট্রাম্প নিজেই।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প লিখেছেন, “কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে একটি অসাধারণ শান্তিচুক্তি আমি মধ্যস্থতা করেছি। সেই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিতেই মালয়েশিয়ায় যাচ্ছি।”
ওয়াশিংটনভিত্তিক পর্যবেক্ষকরা বলছেন, এশিয়ায় যুক্তরাষ্ট্রের প্রভাব পুনঃপ্রতিষ্ঠা ও আঞ্চলিক কূটনৈতিক সম্পর্ক জোরদারে ট্রাম্পের এই সফরকে ওয়াশিংটনের কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।