জুমার নামাজে চলাকালে ইন্দোনেশিয়ার মসজিদে বিস্ফোরণ, আহত ৫৪।

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় একটি স্কুল প্রাঙ্গণের মসজিদে জুমার নামাজ চলাকালে বিস্ফোরণের ঘটনায় অন্তত ৫৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকেই দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
উত্তর জাকার্তার কেলাপা গাদিং এলাকায় শুক্রবার এ বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে সাংবাদিকদের উদ্দেশে শহরের পুলিশপ্রধান আসেপ এদি সুহেরি বলেন, বিস্ফোরণের কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
দেশটির টেলিভিশন চ্যানেল কম্পাস টিভি ও মেট্রো টিভির প্রচারিত ফুটেজে দেখা যায়, বিস্ফোরণের পর স্কুলটির চারপাশে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে এবং একাধিক অ্যাম্বুলেন্স সেখানে অবস্থান করছে।
প্রাথমিকভাবে জানা গেছে, বিস্ফোরণে মসজিদের কাঠামোগত ক্ষতি তুলনামূলক কম হলেও আশপাশের মানুষজন আতঙ্কিত হয়ে পড়ে। ঘটনার সময় মসজিদে জুমার নামাজ চলছিল। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এলাকা ঘিরে রেখেছে পুলিশ।