
রাজধানীর মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের উপদেষ্টা ফরিদা আক্তারের ব্যবসা প্রতিষ্ঠান ‘প্রবর্তনা’-তে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (১০ নভেম্বর) সকাল ৭টা ১০ মিনিটের দিকে এই বিস্ফোরণ ঘটে। তবে এতে কেউ আহত বা হতাহত হননি।
পুলিশ সূত্রে জানা গেছে, সকালে একটি মোটরসাইকেলে দুই আরোহী এসে বাড়ি নং ০৬/০৮, স্যার সৈয়দ রোডে অবস্থিত ফরিদা আক্তারের প্রবর্তনা প্রতিষ্ঠানের ভেতরে একটি এবং রাস্তার ওপর আরেকটি ককটেল নিক্ষেপ করে। মুহূর্তের মধ্যে দুটি ককটেলই বিকট শব্দে বিস্ফোরিত হয়।
বিস্ফোরণের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কেয়ারটেকারসহ আশপাশের বাসিন্দারা নিরাপত্তাহীনতায় পড়েন। খবর পেয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ জানান, “সকালে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের উপদেষ্টার প্রতিষ্ঠানে দুষ্কৃতিকারীরা ককটেল বিস্ফোরণ ঘটায়। ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম কাজ করছে। জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।”