
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেওয়া ভাষণের মাধ্যমে জুলাই সনদ লঙ্ঘন করেছেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার ভাষণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, “প্রধান উপদেষ্টা জুলাই সনদের বাইরে গিয়ে নতুন একটি ধারণা দিয়েছেন—সংবিধান সংস্কার পরিষদ। এই বিষয়টি ঐকমত্য কমিশনে কখনো আলোচনা হয়নি।” তিনি আরও দাবি করেন, প্রধান উপদেষ্টা যে প্রক্রিয়া ঘোষণা করেছেন, তা সনদে উল্লিখিত মূল চেতনা ও প্রক্রিয়ার সঙ্গে সাংঘর্ষিক।
এর আগে দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আদেশে গুরুত্বপূর্ণ কিছু বিধান গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে সংবিধান বিষয়ক সংস্কার প্রস্তাবের ওপর গণভোট এবং পরবর্তী সময়ে সংবিধান সংস্কার পরিষদ গঠনের সিদ্ধান্ত।
তিনি জানান, গণভোটে সংখ্যাগরিষ্ঠ ভোট ‘হ্যাঁ’ সূচক হলে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হবে, যারা একইসঙ্গে সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করবেন। পরিষদটি প্রথম অধিবেশন শুরু হওয়ার ১৮০ কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কারের কাজ শেষ করবে এবং এরপর ৩০ কার্যদিবসের মধ্যে নির্বাচনে প্রাপ্ত ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠন করা হবে।
ভাষণে প্রধান উপদেষ্টা আরও জানান, জাতীয় সংসদ নির্বাচনের দিনই জুলাই সনদ বাস্তবায়নের অংশ হিসেবে গণভোট অনুষ্ঠিত হবে। এ দাবিই এতদিন জানিয়ে আসছিল বিএনপি। তবে জামায়াতসহ আটটি রাজনৈতিক দল নির্বাচনের আগে গণভোট আয়োজনের আহ্বান জানিয়েছিল।