চট্টগ্রাম-১৪ আসনে বিএনপি প্রার্থীর প্রধান সমন্বয়কারীর গাড়িতে হামলা ও গুলিবর্ষণের অভিযোগ

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ–সাতকানিয়া আংশিক) আসনে বিএনপির প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী এম এ হাসেমের গাড়িতে হামলা ও গুলিবর্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত ১১টার দিকে সাতকানিয়ার বাজালিয়া বাসস্টেশনের ভাঙা সেতু এলাকায় এ ঘটনা ঘটে।
এম এ হাসেম ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি এবং চট্টগ্রাম-১৪ আসনে বিএনপি প্রার্থী জসিম উদ্দিন আহমদের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী। জানা গেছে, সাতকানিয়া পুরানগড় ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলসহ একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ শেষে তিনি চন্দনাইশে ফিরছিলেন।
বিএনপি নেতা-কর্মীদের অভিযোগ, মাইক্রোবাসটি ভাঙা সেতু এলাকায় পৌঁছালে অতর্কিত হামলা চালানো হয় এবং গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়। এম এ হাসেম দাবি করেন, হামলার সঙ্গে স্থানীয় এলডিপি ও জামায়াতের নেতা-কর্মীরা জড়িত। হামলার সময় গাড়ির ভাঙা কাচে তিনি আঘাত পান এবং বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন জামায়াতের জোটসঙ্গী এলডিপির প্রার্থী ও দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক। তিনি বলেন, এ ঘটনায় তাদের কোনো নেতা-কর্মী জড়িত নয় এবং ঘটনার বিষয়ে তারা কিছুই জানেন না।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজরুল হক জানান, এম এ হাসেমের গাড়িতে হামলা ও গুলিবর্ষণের বিষয়ে মৌখিক অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।