দ্বিতীয় বিয়েতে বাধ্যতামূলক সালিশি কাউন্সিলের অনুমতি: হাইকোর্ট

সালিশি কাউন্সিলের পূর্বানুমতি ছাড়া কোনো মুসলিম পুরুষ দ্বিতীয় বিয়ে করতে পারবেন না—এই আইন বহাল রেখেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, বর্তমান স্ত্রী জীবিত ও বিবাহ কার্যকর থাকলে অনুমতি ছাড়া পুনর্বিবাহ আইনত দণ্ডনীয় অপরাধ।
মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১-এর বহুবিবাহ সংক্রান্ত ৬ ধারা বাতিল চেয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়ে হাইকোর্ট এই সিদ্ধান্ত দেন। আদালতের মতে, পারিবারিক জীবনের শৃঙ্খলা ও নারীর অধিকার সুরক্ষায় এ বিধান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রায়ে বলা হয়, দ্বিতীয় বিয়ের জন্য আবেদনকারীকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে নির্ধারিত ফিসহ আবেদন করতে হবে। আবেদনে বিয়ের কারণ এবং বর্তমান স্ত্রী বা স্ত্রীদের সম্মতির বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। সালিশি কাউন্সিল প্রয়োজনীয়তা ও যৌক্তিকতা যাচাই করে সিদ্ধান্ত নেবে।
আইন লঙ্ঘন করে অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে বর্তমান স্ত্রী বা স্ত্রীদের দেনমোহরের সম্পূর্ণ অর্থ পরিশোধ করতে হবে। একই সঙ্গে সর্বোচ্চ এক বছর কারাদণ্ড বা দশ হাজার টাকা জরিমানা কিংবা উভয় দণ্ড হতে পারে।
দীর্ঘ শুনানি শেষে আদালত আগের জারি করা রুল খারিজ করায় বহুবিবাহ সংক্রান্ত আইনটি বহাল থাকল বলে জানান আদালত।