ওসমান হাদি হত্যা মামলা: চার্জশিটে পরিকল্পনাকারীদের তথ্য নেই বলে দাবি পরিবারের।

ইনকিলাব মঞ্চের সদস্য আব্দুল্লাহ আল জাবের জানিয়েছেন, শহীদ ওসমান হাদি হত্যা মামলার চার্জশিট সংক্রান্ত শুনানি গতকাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ উপলক্ষে সকাল ৯টা থেকেই ইনকিলাব মঞ্চের একটি প্রতিনিধি দল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ৫ নম্বর কোর্টে উপস্থিত ছিলেন।
নির্ধারিত সময় অনুযায়ী সকাল ১১টা ৩০ মিনিটে বিচারক আদালতে উপস্থিত হন। এজাহারকারীর পক্ষে রাষ্ট্রকে সহায়তা করার জন্য প্রাথমিকভাবে তিন সদস্যের একটি আইনজীবী প্যানেল আদালতের অনুমতি চান। একই সঙ্গে চার্জশিট বিস্তারিতভাবে পর্যালোচনার জন্য আরও দুই দিনের সময় আবেদন করা হয়। আদালত সেই আবেদন মঞ্জুর করেন।
মামলার সার্বিক বিষয় তত্ত্বাবধান করছেন শহীদ ওসমান হাদির বড় ভাই ওমর বিন হাদি। আদালত আগামী ১৫ তারিখ পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। ওইদিন চার্জশিট পর্যালোচনা শেষে আইনজীবীরা আদালতে তাঁদের বক্তব্য উপস্থাপন করবেন।
তবে আব্দুল্লাহ আল জাবেরের দাবি, দাখিল করা চার্জশিটে হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী, সহযোগী এবং অর্থ জোগানদাতাদের বিষয়ে কোনো তথ্য অন্তর্ভুক্ত করা হয়নি। এ নিয়ে ন্যায়বিচার প্রক্রিয়া ও তদন্তের পরিপূর্ণতা নিয়ে প্রশ্ন উঠেছে।