টাঙ্গাইলে জামায়াত নেতার টাকা বিলির অভিযোগ: ‘পরিকল্পিতভাবে হামলা ও ফাঁসানো হয়েছে’—রবিউল আলম

টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলে জামায়াতে ইসলামীর এক নেতাকে টাকা বিলাতে গেছেন—এমন দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওকে উদ্দেশ্যপ্রণোদিত ও সাজানো নাটক বলে দাবি করেছেন ভুক্তভোগী নেতা রবিউল আলম। তার ভাষ্য, তিনি টাকা বিলাতে নয়, নির্বাচনী প্রচারণায় গিয়েছিলেন। এ সময় তাকে ঘেরাও করে হামলা চালানো হয় এবং গলায় মাফলার পেঁচিয়ে শ্বাসরোধের চেষ্টা করা হয়।
রবিউল আলম অভিযোগ করেন, ঘটনার সময় একজন ভিডিও ধারণ করতে গেলে তার মোবাইল ফোন কেড়ে নিয়ে ভিডিও ডিলিট করা হয় এবং হাতের ঘড়ি ছিঁড়ে ফেলা হয়। পরে আশপাশে একাধিক ভিডিও ধারণ শুরু হলে বিএনপির স্থানীয় সভাপতি নিয়ামত আলী নিজের পকেট থেকে টাকা বের করে ‘টাকা বিলির’ দৃশ্য সাজান এবং উল্টো জামায়াতের নেতাকর্মীদের দোষী করার চেষ্টা করেন বলে তিনি দাবি করেন।
ভুক্তভোগীর বক্তব্য অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে যে ভিডিও ভাইরাল হয়েছে, সেটি ঘটনাস্থলের প্রকৃত প্রেক্ষাপট তুলে ধরে না; বরং পরিকল্পিতভাবে বিভ্রান্তি তৈরির উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় সূত্র জানায়, ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং বিষয়টি তদন্তের দাবি উঠেছে।