মির্জা আব্বাসের অভিযোগ: পুরুষরা নারী সেজে ভোট দিতে ৪০ লাখ বোরকা তৈরি করা হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী মির্জা আব্বাস অভিযোগ করেছেন, একটি দল পুরুষদের নারী সেজে ভোট দেওয়ানোর উদ্দেশ্যে প্রায় ৪০ লাখ বোরকা তৈরি করেছে। তিনি বলেন, এভাবে জাল ভোট দেওয়ার চেষ্টা হলে সংশ্লিষ্টদের চিহ্নিত করে ধরিয়ে দিতে হবে। বোরকা পরিহিত নারীরা আমাদের মা–বোন, তাদের আমরা শ্রদ্ধা করি। বোরকা ব্যবহার করে জাল ভোট দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
শনিবার রাজধানীর নয়াপল্টনের আনন্দ কমিউনিটি সেন্টারে হাব, বায়রা ও অ্যাটাব—এই তিন সংগঠনের সঙ্গে এক নির্বাচনী মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস আরও বলেন, নির্বাচনের ফলাফল ঘোষণা করতে অস্বাভাবিকভাবে দীর্ঘ সময় নেওয়ার কথা শোনা যাচ্ছে। নির্বাচন শেষ হওয়ার দুই ঘণ্টার মধ্যে ফল না এলে সর্বোচ্চ ১২ ঘণ্টার মধ্যে ফল ঘোষণা করা উচিত। এর বেশি সময় লাগলে অসৎ উদ্দেশ্যের সন্দেহ তৈরি হবে। তিনি বলেন, ফলাফল ঘোষণার আগে কোনো পোলিং এজেন্ট যেন কেন্দ্র ছাড়ে না।
তিনি অভিযোগ করেন, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র এখনো বন্ধ হয়নি এবং ঢাকা-৮ আসনকে ঘিরে এমন পরিস্থিতি তৈরির চেষ্টা হচ্ছে, যাতে সারা দেশের নির্বাচন ব্যাহত হয়। তিনি দাবি করেন, নানা উসকানি দেওয়া হলেও তিনি ও দলের নেতাকর্মীরা ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করছেন।
ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, শুধু ব্যক্তিগত সমর্থন যথেষ্ট নয়; প্রতিটি ওয়ার্ড ও বাজারে ভোটারদের সঙ্গে কথা বলে বিএনপির পক্ষে জনমত গড়ে তুলতে হবে। তিনি বলেন, তার ব্যক্তিগত জয় নয়, সারা দেশে বিএনপির বিজয়ই লক্ষ্য।
বর্তমান পরিস্থিতি নিয়ে মন্তব্য করে তিনি বলেন, শেখ হাসিনার বিদায়ের পর যতটা স্বস্তি আসার কথা ছিল, বাস্তবে তা হয়নি; কেবল পুলিশি নির্যাতন থেকে কিছুটা মুক্তি মিলেছে।
সাবেক এই মন্ত্রী আরও বলেন, দীর্ঘ ত্যাগ ও আন্দোলনের মধ্য দিয়েই বর্তমান নির্বাচন এসেছে। এটি কোনো দান নয়। তিনি তরুণদের উদ্দেশে বলেন, বয়স নয়—অভিজ্ঞতাই রাজনীতিতে বড় সম্পদ।
শেষে তিনি ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কষ্টার্জিত ভোটাধিকার প্রয়োগ করতে হবে এবং সম্ভাব্য জাল ভোটের চেষ্টা রুখতে সবাইকে সজাগ থাকতে হবে।