ফরিদপুরে পাওনা টাকার বিরোধে ১ জনকে কুপিয়ে হত্যা।

পাওনা টাকা সংক্রান্ত বিরোধের জেরে ফরিদপুরে রাজু ওরফে বাটুল রাজু (৩৮) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে কোতয়ালী থানাধীন রেলস্টেশন বাজারের বস্তি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। দীর্ঘদিনের পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে শিল্পীর মাদক ব্যবসায়ী জামাই হৃদয়সহ কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে রাজুর ওপর হামলা চালায় বলে অভিযোগ করেছেন প্রতিবেশীরা।
হামলাকারীরা রাজুকে পা ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে ঘটনাস্থলে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এর ট্রমা সেন্টারে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।
নিহত রাজু কোতয়ালী থানার কুটিবাড়ী, স্টেশন বাজার মুসলিম কলোনি ২ নম্বর কুটিবাড়ীর বাসিন্দা। তার পিতার নাম বাবলু কসাই।
ঘটনার খবর পেয়ে কোতয়ালী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
আজ সকাল ১২টার দিকে ফরিদপুরের পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহীদুল ইসলামসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।
পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। ইতোমধ্যে শিল্পীর জামাই মো. নুরুল ইসলামকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।