সিলেট জকিগঞ্জে সরকারি রাস্তা থেকে ইট লুট, জামায়াত নেতাসহ ৬ জন আটক।

সিলেটের জকিগঞ্জ উপজেলার একটি সরকারি রাস্তা থেকে ইট লুটপাটের ঘটনায় জামায়াত নেতাসহ ছয়জনকে আটক করেছে টাস্কফোর্স। এ সময় বিপুল পরিমাণ ইট জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার মুনশীবাজার, বলরামেরচক, আইয়র ও উত্তর আইয়রসহ আশপাশের গ্রামে অভিযান চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান।
আটকদের মধ্যে রয়েছেন মো. মাহফুজুল ইসলাম চৌধুরী, যিনি জকিগঞ্জ উপজেলা যুব জামায়াতের সাংগঠনিক সম্পাদক। অন্যদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
উপজেলা প্রশাসন জানায়, সম্প্রতি উপজেলার ৮ নম্বর কসকনকপুর ইউনিয়নের মুনশীবাজার থেকে উত্তর আইয়র ভায়া হাজীগঞ্জ সড়কের সরকারি ইট লুটের ঘটনা ঘটে। খবর পেয়ে ইট উদ্ধারে টাস্কফোর্স অভিযান শুরু করে।
ইউএনও মাসুদুর রহমান বলেন, সরকারি সম্পদ লুটের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। এ পর্যন্ত ছয়জনকে আটক এবং বিপুল পরিমাণ ইট জব্দ করা হয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জকিগঞ্জ থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, আটকদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। এখন পর্যন্ত ৪০ থেকে ৪৫ হাজার ইট উদ্ধার করা হয়েছে।
তবে স্থানীয়দের দাবি, রাস্তা থেকে প্রায় চার লাখ ইট লুটপাট হয়েছে।
অভিযানে পুলিশ, বিজিবি, আনসার, পানি উন্নয়ন বোর্ডের সদস্য ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।
এদিকে জামায়াত নেতা আটকের বিষয়ে জকিগঞ্জ উপজেলা জামায়াতের আমির জালাল উদ্দীন বলেন, তিনি ইউএনও কার্যালয়ে যাচ্ছেন; বিস্তারিত পরে জানানো হবে।