“ইবলিসও লজ্জা পাবে এই সাধারণ শিক্ষার্থী বেশধারী গুপ্ত শিবিরকে দেখলে।”

ইডেন মহিলা কলেজে সাম্প্রতিক বিক্ষোভের ঘটনায় ছাত্রীসংস্থার ‘গুপ্ত কর্মীদের’ ইন্ধনে মব সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ করেছেন নাছির উদ্দিন নাছির। তিনি দাবি করেন, সাধারণ শিক্ষার্থীর পরিচয়ে সংগঠিত হয়ে একটি পক্ষ ক্যাম্পাসে ছাত্ররাজনীতি বন্ধের পরিবেশ তৈরির চেষ্টা করছে।
শনিবার দিবাগত রাত ১টা ১৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে ছাত্রদলের এই নেতা বলেন, “ইবলিসও লজ্জা পাবে এই সাধারণ শিক্ষার্থী বেশধারী গুপ্ত শিবিরকে দেখলে।”
তিনি বলেন, ছাত্ররাজনীতিতে অংশগ্রহণ, রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা এবং মতপ্রকাশের স্বাধীনতা একজন শিক্ষার্থীর মৌলিক অধিকার। অতীতের বিভিন্ন ক্যাম্পাসের উদাহরণ টেনে তিনি অভিযোগ করেন, শিবির সংশ্লিষ্ট কর্মীরা সাধারণ শিক্ষার্থীর পরিচয়ে ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে মব তৈরি করেছে এবং পরে তাদের অনেকেই সংগঠনের নেতা হিসেবে আত্মপ্রকাশ করেছেন।
নাছির উদ্দিন নাছির আরও বলেন, কিছুদিন আগে তিতুমীর কলেজেও একই ধরনের ঘটনা ঘটেছে। সেখানে রাতের বেলা গেট ভেঙে বিক্ষোভ ও ছাত্রদলের নেত্রীদের হেনস্তার অভিযোগ তুলে তিনি দাবি করেন, আন্দোলনের সঙ্গে যুক্ত এক ব্যক্তি পরে কলেজ শাখা শিবিরের সেক্রেটারি হিসেবে পরিচিত হন।
ইডেন কলেজের বর্তমান পরিস্থিতি নিয়েও তিনি অভিযোগ করেন, ছাত্রীসংস্থার কর্মীদের ইন্ধনে ছাত্রদলের নেত্রী ও অন্যান্য রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের হেনস্তা করা হচ্ছে এবং ছাত্রীদের হল থেকে বের করে দেওয়া হচ্ছে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “গুপ্ত বাহিনী অবিলম্বে এই মব সন্ত্রাস ও ছাত্রদলের নেত্রীদের হয়রানি করা বন্ধ না করলে আমরা সব ধরনের মবসন্ত্রাসের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলবো।”
কলেজ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে ছাত্রদলের এই নেতা বলেন, শিক্ষার্থীদের রাজনৈতিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং কোনো ‘কূটচালের’ কাছে নতি স্বীকার করা যাবে না। একই সঙ্গে তিনি বলেন, দেশের সব শিক্ষার্থীর রাজনৈতিক অধিকার নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।