পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর চলমান হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া হেফাজতে ইসলামের বিক্ষোভ।

ভারতের পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর চলমান হামলা, নির্যাতন ও ধর্মীয় বিদ্বেষমূলক ঘটনার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া জেলা হেফাজতে ইসলামের উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) দুপুর ১২টায় ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় প্রতিবাদী স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো শহর।
হাতে ব্যানার-ফেস্টুন নিয়ে বিক্ষুব্ধ জনতা পশ্চিমবঙ্গে মুসলিমদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান। তিনি বলেন, বিশ্বের কোথাও মুসলমানদের ওপর নির্যাতন হলে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ গড়ে তুলতে হবে। পশ্চিমবঙ্গে মুসলিমদের ওপর হামলা ও ভয়ভীতি সৃষ্টির ঘটনাকে তিনি মানবাধিকারের চরম লঙ্ঘন বলে উল্লেখ করেন।
বক্তারা বলেন, পশ্চিমবঙ্গে মুসলিমদের ঘরবাড়িতে হামলা, মসজিদ-মাদরাসায় ভয়ভীতি সৃষ্টি এবং ধর্মীয় উসকানিমূলক কর্মকাণ্ড মানবাধিকারের চরম লঙ্ঘন। এসব ঘটনার নিন্দা জানিয়ে তারা অবিলম্বে নির্যাতন বন্ধ এবং সংখ্যালঘু মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করতে ভারত সরকারের প্রতি আহ্বান জানান।
তারা আরও বলেন, বিশ্বের যেখানেই মুসলমানদের ওপর জুলুম-নির্যাতন হবে, সেখানেই মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ গড়ে তুলতে হবে। অন্যায়ের বিরুদ্ধে নীরব থাকা কোনো ঈমানদারের কাজ হতে পারে না বলেও মন্তব্য করেন বক্তারা।
সমাবেশে উপস্থিত ছিলেন আল্লামা আলী আজম কাসেমী, আল্লামা শামসুল হক সরাইলী, মাওলানা মারুফ কাসেমী ও মাওলানা ওবায়দুল্লাহ মাদানীসহ জেলা ও উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে কাউতলী গোলচত্বরে নির্যাতিত মুসলিমদের শান্তি ও নিরাপত্তা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।