
রাজধানীর তেজগাঁও, মিরপুর ও গুলশান এলাকায় গত দুই দিনে পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ১১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ডিএমপির তেজগাঁও বিভাগে ৪৯ জন, মিরপুর থানা এলাকায় ৩১ জন এবং গুলশান থানা এলাকায় ৩০ জন রয়েছেন।
ডিএমপি জানায়, বৃহস্পতিবার পরিচালিত অভিযানে তেজগাঁও থানা এলাকা থেকে পাঁচজন, শেরেবাংলা নগর থেকে ছয়জন, মোহাম্মদপুর থেকে ১৬ জন, আদাবর থেকে সাতজন, তেজগাঁও শিল্পাঞ্চল থেকে আটজন এবং হাতিরঝিল থানা এলাকা থেকে সাতজনকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত মিরপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে শুক্রবার গুলশান থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও ৩০ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
ডিএমপি জানিয়েছে, অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।