পূর্ব লন্ডনের সাবেক ইমামের শিশু যৌননির্যাতনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড ।

পূর্ব লন্ডনের সাবেক ইমাম আব্দুল হালিম খানকে নারী ও শিশুদের ওপর দীর্ঘদিন ধরে যৌন নির্যাতনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন লন্ডনের স্নেয়ারসব্রুক ক্রাউন আদালত। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
আদালতের রায়ে বলা হয়েছে, ৫৪ বছর বয়সী আব্দুল হালিম খানকে কমপক্ষে ২০ বছর সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। ২০০৪ থেকে ২০১৫ সাল পর্যন্ত অন্তত সাতজন ভুক্তভোগীর ওপর যৌন নির্যাতনের ঘটনায় তাকে দোষী সাব্যস্ত করা হয়।
প্রসিকিউশন পক্ষ আদালতে প্রমাণ করে, ধর্মীয় প্রভাব ও সামাজিক অবস্থান ব্যবহার করে স্থানীয় বাংলাদেশি মুসলিম কমিউনিটির নারী ও শিশুদের লক্ষ্যবস্তু বানাতেন তিনি।
সাজা ঘোষণার সময় বিচারক লেসলি কাথবার্ট বলেন, নিজের বিকৃত লালসা পূরণে ক্ষমতার অপব্যবহার করেছেন আব্দুল হালিম খান। তিনি এমন আচরণ করতেন যেন নিজেকে আইনের ঊর্ধ্বে মনে করতেন।
বিচারক আরও বলেন, অভিযুক্ত ব্যক্তি পরিকল্পিতভাবে এমন ভুক্তভোগীদের বেছে নিতেন, যারা লোকলজ্জা বা ধর্মীয় কারণে মুখ খুলতে ভয় পেতেন। তিনি জানতেন, অভিযোগ উঠলেও সমাজ একজন “সম্মানিত ইমামের” কথাই বেশি বিশ্বাস করবে।