জাকসু নির্বাচন চলছে, নিরাপত্তায় ১২০০ পুলিশ ও ২ ম্যাজিস্ট্রেট।

দীর্ঘ ৩৩ বছর পর আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে ২২৪টি বুথে ভোটগ্রহণ হবে।
নির্বাচনে পূর্ণাঙ্গ ও আংশিক মিলিয়ে মোট ৮টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে রয়েছে ছাত্রদল, ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’, বাগছাসের ‘সম্মিলিত ঐক্য ফোরাম’, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের দুই অংশের পৃথক প্যানেল ‘সম্প্রীতির ঐক্য’ ও ‘সংশপ্তক পর্ষদ’। এছাড়া আরও তিনটি স্বতন্ত্র প্যানেল রয়েছে।
এবারের নির্বাচনে এককভাবে কোনো প্যানেল এগিয়ে নেই। ভোটাররা প্রার্থীদের ব্যক্তিগত ইমেজ, আন্দোলন-সংগ্রামে ভূমিকা, সামাজিক কর্মকাণ্ড এবং দলীয় কার্যক্রমের মতো বিষয়গুলো বিবেচনা করছেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
সহসভাপতি (ভিপি) পদে আলোচনায় রয়েছেন- বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত আরিফুজ্জামান উজ্জল, স্বতন্ত্র প্রার্থী আবদুর রশিদ জিতু, ছাত্রদলের শেখ সাদী হাসান ও শিবির সমর্থিত প্রার্থী আরিফ উল্লাহ।
সাধারণ সম্পাদক (জিএস) পদে আলোচনায় আছেন- শিবির সমর্থিত মাজহারুল ইসলাম, ছাত্রদলের তানজিলা হোসাইন বৈশাখী এবং বাগছাস সমর্থিত তৌহিদ মোহাম্মদ সিয়াম।
প্রশাসন ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে। নিরাপত্তার জন্য ক্যাম্পাসে প্রায় ১ হাজার ২০০ পুলিশ সদস্য, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তাকর্মী ও দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।
এবারের নির্বাচনে মোট ১১ হাজার ৮৯৭ শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করবেন, এটি হবে ১০ম জাকসু নির্বাচন।