চট্টগ্রামে ডিজেল পাচারকালে ৪ হাজার লিটার ডিজেল সহ ৯ পাচারকারি আটক।

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে অবৈধভাবে পাচারকালে ৪ হাজার লিটার ডিজেলসহ ৯ জন চোরাকারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।
রোববার রাতে এ তথ্য জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
তিনি বলেন, গত ৯ মে রাত ১০টার দিকে চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন ডাঙ্গারচরের ডায়মন্ড সিমেন্ট ফ্যাক্টরি-সংলগ্ন কর্ণফুলী নদীতে কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ‘কাণ্ডারি-৬’ জাহাজ থেকে চোরাইভাবে ‘ওটি আজু শাহ’ নামের একটি ওয়েল ট্যাংকারে তেল পাচারের সময় প্রায় ৪ লাখ টাকা মূল্যের ৪ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়। এ সময় ৯ জনকে আটক করা হয়।
পরে জব্দ করা ডিজেল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। বন্দর কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে এবং এ ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সংশ্লিষ্ট বিভাগকে নিয়ে একটি কমিটি গঠন করা হবে বলে জানানো হয়েছে।
কোস্ট গার্ড কর্মকর্তা সাব্বির আলম সুজন বলেন, অবৈধভাবে তেল মজুত ও চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।